Ridge Bangla

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ জন শ্রমিক নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন এবং তারা সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও চারজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন বদরুল (৩০), সুরুজ আলী (৬০), মোছা. মুন্নি (৩৫) ও ফরিদুল (৩৫)। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় আহত আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।

This post was viewed: 13

আরো পড়ুন