Skip to main content

Ridge Bangla

সিলেটে গভীর রাতে আগুনে ১৩ গাড়ি পুড়ে ছাই

সিলেটের পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকানে গভীর রাতে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ১৩টি গাড়ি পুড়ে গেছে এবং বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে, ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকান রয়েছে। আগুনে দোকানের ভেতরে থাকা অন্তত ১৩টি গাড়ি পুড়ে গেছে। এছাড়া দোকানের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। আশপাশের আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আগুন যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে লাগতে পারে। ফায়ার সার্ভিস পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দোকানের ভেতরে কোনো দাহ্য পদার্থ আছে কি না, সেটাও যাচাই করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ সম্পর্কিত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।” তিনি আরও বলেন, এতে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

This post was viewed: 55

আরো পড়ুন