সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভূঁইয়াগাঁতী-নিমগাছীগামী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তাড়াশ উপজেলার কুমারলু গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৪৮)। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে একটি অটোভ্যান যাত্রী নিয়ে ভূঁইয়াগাঁতী দিক থেকে নিমগাছীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে খৈচালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। এ সময় অটোভ্যানের আরও চার যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (শজিমেক)সহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কটির ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।