সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার বোয়ালিয়া ও নাদোসৈয়দপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন তাড়াশ উপজেলার জাহাঙ্গীর গাঁতী গ্রামের আমিন মোল্লার ছেলে সবুজ হোসেন (৩০) এবং নাদোসৈয়দপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রওশনআরা (৩৭)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
পুলিশ জানায়, সবুজ হোসেন বুধবার সকালে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বোয়ালিয়া গ্রামে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার দুপুরে বোয়ালিয়া গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, সবুজ হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, একই উপজেলার নাদোসৈয়দপুর গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে গৃহবধূ রওশনআরা বিষপানে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।