Ridge Bangla

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের নির্দেশ

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। অভিনেতার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে সোমবার (২০ অক্টোবর) এই রায় দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক।

রায়ের মাধ্যমে সালমান শাহর মৃত্যুকে আর আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড হিসেবে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন।

চূড়ান্ত শুনানিতে আদালতে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যুর দিনে তার মরদেহে বাম বুকে কালো দাগ ছিল এবং মল ও বীর্য নিঃসৃত হয়েছিল। এছাড়া, ঘর থেকে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগ থেকে ক্লোরোফরম উদ্ধার করা হয়। এসব তথ্যের ভিত্তিতে আত্মহত্যার চেয়ে হত্যাকাণ্ডের সম্ভাবনাই বেশি বলে আদালত মনে করেন।

বাদীপক্ষের আইনজীবীরা জানান, সালমান শাহর মৃত্যুর পর পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা বলা হলেও তদন্তে বহু অসঙ্গতি ছিল। ভারতের সিবিআইয়ের দেওয়া তথ্যেও দেখা যায়, মৃত্যুর ঘটনাটি ‘সন্দেহজনক’। এ কারণেই আদালত নতুন করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে নিজের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। সে সময় তার স্ত্রী সামিরা হক ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও পরিবার শুরু থেকেই অভিযোগ করে আসছে, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

This post was viewed: 48

আরো পড়ুন