Skip to main content

Ridge Bangla

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ষড়যন্ত্রের অংশ: সারজিস আলম

দেশজুড়ে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “বাংলাদেশে গত কয়েকদিনে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনা ঘটেছে, সেগুলো নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে টার্গেট করে কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্র।”

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর হোটেল তিলোত্তমায় জেলা ও মহানগর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি, শহীদ পরিবারদের নিরাপত্তা ও বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা না দিয়ে নির্বাচন আয়োজন করলে তা হবে দায়সারা কাজ।”

তিনি আরও যোগ করেন, “চব্বিশের আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দল নয়। এখন জনগণ জুলাই সনদের বাস্তবায়ন চায়।”

তিনি বলেন, “ফ্যাসিস্টদের দোসররা এখনো সক্রিয়। অন্তর্বর্তী সরকারকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সুশীলতার দোহাই দিয়ে অপরাধীদের রেহাই দিলে জনগণের আস্থা হারাবে সরকার।”

আগামী নির্বাচনে এনসিপির অবস্থান প্রসঙ্গে সারজিস আলম বলেন, “প্রয়োজনে এনসিপি এককভাবেও নির্বাচনে অংশ নেবে। তবে কোনো রাজনৈতিক দল যদি জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদের সঙ্গে জোটের সম্ভাবনাও খোলা রয়েছে।”

This post was viewed: 57

আরো পড়ুন