Skip to main content

Ridge Bangla

সাবেক সিইসি, নয় কমিশনার ও দুই সচিবের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ সাবেক ৯ নির্বাচন কমিশনার ও দুই সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান। এছাড়া সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এবং মোহাম্মদ সাদিকও এই তালিকায় রয়েছেন।

আদালতের আদেশে বলা হয়, আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধে এসএস ইমিগ্রেশন (প্রশাসন) ও স্পেশাল ব্রাঞ্চকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়।

তদন্ত কর্মকর্তার দাখিলকৃত আবেদন ও নথি পর্যালোচনায় আদালত আবেদনটি মঞ্জুর করেন। একইসঙ্গে পলাতক আসামিদের বিদেশ গমন বাতিলের নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

এ মামলাটি শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা দায়িত্ব পালনকালে রাষ্ট্রদ্রোহমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, যা সংবিধান ও দেশের স্বার্থের পরিপন্থী। তদন্ত চলছে এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

This post was viewed: 67

আরো পড়ুন