Skip to main content

Ridge Bangla

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোকবার্তা

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক চিঠিতে এই সমবেদনা জানান ফিফা সভাপতি। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো ওই শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেন তিনি।

শুক্রবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চিঠিতে ফিফা সভাপতি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।

শোকবার্তায় ইনফান্তিনো আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ শোকবার্তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা সভাপতি ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থতার পর গত ৩০ ডিসেম্বর ২০২৫ সালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ফেডারেশন ও ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। তাঁর মৃত্যুতে দেশ-বিদেশে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

This post was viewed: 53

আরো পড়ুন