খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দেওয়ায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা সাতক্ষীরার আশাশুনির বহু এলাকা এখন পানির নিচে। বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ সৃষ্টি হওয়া এই বন্যায় হাজার হাজার বিঘা মৎস্যঘের ডুবে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঈদের দিন, সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশাশুনি উপজেলার বিছট গ্রামের আব্দুর রহিম সরদারের চিংড়ি ঘেরের পাশে প্রায় ১৫০ ফুট দীর্ঘ বেড়িবাঁধ খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে ধসে পড়ে।
বিছট গ্রামের মানুষ তখন ঈদের নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে তারা খবর পান ঘেরের পাশের বেড়িবাঁধ ভেঙে গেছে। তৎক্ষণাৎ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে জানানো হয়। এরপর সবাই স্বেচ্ছাশ্রমে বাঁধটি রক্ষা করতে চেষ্টা করেন। কিন্তু প্রায় তিন ঘণ্টার চেষ্টাতেও রক্ষা করা যায়নি।
ফলে বিছট, বল্লভপুর, নয়াখালী, আনুলিয়া ও আশপাশের আরও ছয়টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকার বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে।
স্থানীয়দের দাবি, যথাযথ রক্ষণাবেক্ষণ ও সময়মতো মেরামতের অভাবে প্রতিবছর বর্ষা ও জোয়ারে এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।