Ridge Bangla

সাংবাদিক খাসোগি হত্যা ঘটনার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান

তিন দিনের সফরে আমেরিকা গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরে আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। সোমবার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৃষ্ট উত্তেজনায় যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক টালমাটাল হয়ে পড়ে। খাশোগি হত্যার ঘটনায় সন্দেহের তীর ছিল সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের দিকে। সেই ঘটনার প্রায় সাত বছর পরে এই প্রথম সৌদি যুবরাজ আমেরিকা সফরে গেলেন।

বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি এবং পরমাণু শক্তি সংক্রান্ত নানা বিষয়ের উপরে জোর দেওয়া হবে বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে। প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাও বিশেষ নজরে থাকবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনা হতে পারে ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকীকরণ বা আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে। তবে সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, দুই রাষ্ট্র সমাধানের ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না রিয়াদ।

তাছাড়াও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, বিশেষ করে লকহিড মার্টিনের এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার চুক্তি আলোচনায় রয়েছে। বিশ্লেষকদের মতে, এ সফর যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি মায়ামিতে ব্যবসায়ীদের সঙ্গে হওয়া এক সভায় ট্রাম্প বলেন, আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে এবং ‘খুব শিগগিরই’ সৌদি আরবও সেখানে যোগ দেবে বলে তিনি আশা করছেন।

This post was viewed: 50

আরো পড়ুন