সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ছয় নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। সোমবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ প্রতিদ্বন্দ্বিতা করার কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন— মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদপ্রার্থী ও শাখার যুগ্ম আহ্বায়ক অছিকুর রহমান জয়। একই হলের সদস্য পদপ্রার্থী ও আহ্বায়ক সদস্য নাহিন নিয়াজ মাহি। মাস্টারদা সূর্য সেন হলের সাহিত্য সম্পাদক পদপ্রার্থী ও আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান। হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জেভিয়ার হাসান। ফজলুল হক মুসলিম হলের ভিপি পদপ্রার্থী ও শাখার সাবেক দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ। অমর একুশে হলের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মো. সিফাতুল ইসলাম।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃতদের সঙ্গে যেন কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এ কঠোর শাস্তি কার্যকর করা হয়েছে।