Skip to main content

Ridge Bangla

সরিষাবাড়ীতে ভাইয়ের বিয়েতে যেতে না পেরে বোনের আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে ভাইয়ের বিয়েতে যেতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছেন নার্জিনা বেগম (৪০) নামে এক নারী। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী নয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ডের মেম্বার জোরন আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নার্জিনা বেগম ওই এলাকার মৃত ময়েন উদ্দীনের মেয়ে। প্রায় ৩০ বছর আগে তার বিয়ে হয়। তবে বিয়ের দুই বছর পর থেকেই মানসিক সমস্যায় ভুগতে শুরু করলে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফিরে আসেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করতেন। তার কোনো সন্তান ছিল না।

স্থানীয়দের ধারণা, শুক্রবার তার ছোট ভাই আলী আকবরের বিয়ের অনুষ্ঠান ছিল। কিন্তু কোনো কারণে বিয়েতে যোগ দিতে না পারায় অভিমানে তিনি নিজের ঘরে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

This post was viewed: 70

আরো পড়ুন