Ridge Bangla

সরকার ও ঐকমত্য কমিশনের পদক্ষেপে হতাশ বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিভিন্ন পদক্ষেপে বিএনপি গভীর হতাশা প্রকাশ করেছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম ঐকমত্য কমিশন নিরপেক্ষভাবে রেফারির ভূমিকা পালন করবে। কিন্তু এখন মনে হচ্ছে, কমিশন, সরকার ও কয়েকটি রাজনৈতিক দল একপক্ষ হয়ে গেছে।”

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, “ঐকমত্য কমিশনের সাম্প্রতিক সুপারিশে একজন স্বাক্ষরকারী একইসঙ্গে সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি। ফলে এটি সরকারের পক্ষেই একটি অনুমোদনের শামিল হয়েছে। আমরা কখনো রেফারিকে গোল দিতে দেখিনি।”

তিনি আরও বলেন, “কিছু প্রস্তাব জাতির ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কমিশনের দলিলেও প্রকৃত ঐকমত্যের চিত্র নেই, সেখানে শুধু তাদের প্রস্তাব আর দলগুলোর সুপারিশ যুক্ত করা হয়েছে, কিন্তু ভিন্নমত বা নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি।”

গণভোট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট একদিনে করার প্রস্তাব আমরা দিয়েছিলাম, যাতে ভোটারদের অংশগ্রহণ বাড়ে এবং ব্যয় কমে। বেশিরভাগ দলই এতে একমত ছিল, কিন্তু সেটি চূড়ান্ত সুপারিশে রাখা হয়নি।”

আরপিও ও নির্বাচনী প্রতীক ইস্যুতে তিনি বলেন, “নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে কিছু ধারা যুক্ত করেছে, যা নির্বাচন সংস্কারের মূল ভাবনাকে বিকৃত করেছে।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষভাবে কাজ করতে দেখতে চাই, যেন জাতি আশ্বস্ত হতে পারে তাদের প্রতিটি পদক্ষেপে।”

This post was viewed: 46

আরো পড়ুন