Skip to main content

Ridge Bangla

সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, শিক্ষকদের আমরণ অনশন ঘোষণা

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষাভবনের উদ্দেশে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণেই তারা আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।

শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, “আমাদের ন্যায্য দাবি মানা না হলে আগামীকাল থেকে আমরা আমরণ অনশনে যাব। বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

এদিকে আন্দোলনের মধ্যেই আজ সকালে অর্থ বিভাগ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির আদেশ জারি করা হয়। উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এ আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

তবে সরকার ঘোষিত এ সিদ্ধান্ত শিক্ষকদের সন্তুষ্ট করতে পারেনি। বিকেলেই তারা ঘোষণা দেন, বেতনের মাত্র ৫ শতাংশ বাড়িভাড়া ‘অন্যায্য ও অসম্মানজনক’। শিক্ষকদের দাবি, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় অন্তত ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে। বিকেলে শহীদ মিনার থেকে শিক্ষাভবনের উদ্দেশে যাত্রা করা মিছিলে শিক্ষকরা স্লোগান দেন—“২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে”, “ভাতা মোদের অধিকার”, “বৈষম্যের ঠাঁই নাই”—এসব স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না।

This post was viewed: 59

আরো পড়ুন