বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।’
শনিবার (১৮ জুলাই) দুপুরে নিজ জেলা সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু হয়ে গেছে। দেশের কল্যাণে কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ তাঁতশিল্পকে ধ্বংস করেছে। তার দাবি, দলটি শুধু গত ১৭ বছর নয়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের ক্ষতি করে এসেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অনেক মানুষ নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং দিনে ভোট, রাতে গণনার মতো কোনো ঘটনা ঘটেনি। তার ভাষ্য, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে।
নিজের অতীত বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমি বলেছিলাম, হাসিনা থাকাকালীন দেশে ফিরব না; আমার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি পালিয়ে গেছেন, আর আমি দেশে ফিরেছি।’
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।