প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার মামলার অন্য আসামিদের মতোই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারে বন্যাদুর্গত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোজাফফর হোসেনকে আটক করার পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। তিনি বলেন, একই আইনের আওতায় এ মামলার অন্য আসামিদের যেভাবে বিচার হচ্ছে, তার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। বর্তমানে বিষয়টি সেনাবাহিনী দেখছে বলেও উল্লেখ করেন তিনি।
বন্যা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি জনগণের নির্বাচিত সরকার এবং জনগণের কাছেই তারা দায়বদ্ধ। তাই দুর্যোগের সময় সরকার সবসময় মানুষের পাশে থাকবে।
তিনি জানান, চলমান বন্যায় দেশের কয়েকটি জেলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সিলেট বিভাগসহ দেশের আরও বিভিন্ন এলাকাও বন্যাকবলিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সমন্বিতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় ক্ষয়ক্ষতি বেশি, সেখানে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকির দায়িত্ব একজন করে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর ওপর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় বীজ, চারা, সারসহ অন্যান্য কৃষি উপকরণও দ্রুত সরবরাহ করা হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই এর বিরূপ প্রভাব দৃশ্যমান এবং উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলা ও মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় উপকূলীয় বনায়নের পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।