আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টায় ভাষণটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এটি একযোগে প্রচারিত হবে।
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে আয়োজিত গণভোটকে সামনে রেখে এই ভাষণ প্রদান করবেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে সরকারের অবস্থান, সার্বিক প্রস্তুতি এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জাতিকে অবহিত করা হবে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন শান্তি, শৃঙ্খলা ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার-সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে জাতির উদ্দেশে এই ভাষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা দেশের জনগণকে চূড়ান্ত বার্তা ও দিকনির্দেশনা দেবেন।