Skip to main content

Ridge Bangla

সন্তানের মা হতে চান জয়া আহসান, তবে গর্ভে নয়, দত্তক নিয়ে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবন কাটাচ্ছেন। ১৯৯৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ফয়সাল আহসানকে, তবে ২০১১ সালে সেই সম্পর্কের ইতি টানেন। এরপর আর কোনো সম্পর্কে জড়াননি এই অভিনেত্রী। যদিও এখনো তিনি সংসার শুরু করেননি, কিন্তু মা হওয়ার গভীর ইচ্ছে প্রকাশ করেছেন।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জয়া জানান, তিনি গর্ভধারণের মাধ্যমে নয়, দত্তক নেওয়ার মাধ্যমে মা হতে চান। বর্তমানে তিনি ওপার বাংলার ‘ডিয়ার মা’ ছবির প্রচারে ব্যস্ত, যেখানে দত্তক সন্তান এবং মাতৃত্ব নিয়ে সমাজের প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

জয়া বলেন, “আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাস করি। এমনকি যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা থেকে শিশু দত্তক নেওয়ার চেষ্টা করেছিলাম। তবে প্রচুর নিয়মকানুন ও জটিলতা থাকায় সেটা এখনো সম্ভব হয়নি।” তিনি আরও জানান, তার বোন কনা মাসউদও এই উদ্যোগে তার পাশে ছিলেন, তবে শেষ পর্যন্ত নানা আনুষ্ঠানিকতার কারণে তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।

জয়ার কথায়, “যাদের একটি সন্তান আছে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে দত্তক নিতে পারেন। এতে অনেক অনাথ শিশু পরিবার পাবে।”

‘ডিয়ার মা’ ছবিতে দত্তক সন্তান ও মায়ের সম্পর্ক নিয়ে গড়া চরিত্রে অভিনয় করেছেন জয়া। তিনি জানান, তিনি নিজেও সংবেদনশীল মানুষ হওয়ায় এই ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে তার বিশেষ কোনো কষ্ট হয়নি। ছবির ট্রেলারে জয়া ও তার দত্তক সন্তানের আবেগঘন রসায়ন ইতোমধ্যে দর্শকদের মন ছুঁয়ে গেছে।

মাতৃত্ব নিয়ে এমন মানবিক দৃষ্টিভঙ্গি ও সমাজে ইতিবাচক বার্তা দেওয়ার সুযোগ পেয়ে নিজেও আনন্দিত জয়া আহসান।

This post was viewed: 53

আরো পড়ুন