প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের চুরি হওয়া তামার তার উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ ঘটনায় সচিবালয়ের এক আউটসোর্সিং কর্মী ও এক ভাঙারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)।
সিটিটিসি সূত্র জানায়, রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ শাহবাগ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে দ্রুত তদন্তে নামে সিটিটিসির সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগ।
তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তামার তার চুরি করেন। এরপর ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে ৮ কেজি ২০০ গ্রাম তামার তার প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর হোসেনী দালান রোডের একটি গুদাম থেকে চুরি হওয়া তার উদ্ধার করে পুলিশ।