Ridge Bangla

সংসদ নিয়ে নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে একটি কার্যকর ও জনকল্যাণমুখী সংসদ গড়ে তুলতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন সংসদকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে বিএনপির সংসদীয় প্রতিনিধিদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দিনের অধিবেশনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, সংসদকে আরও কার্যকর ও দায়িত্বশীল করতে বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এবারের সংসদ হবে জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য। জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদের চিফ হুইপ ও হুইপ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের প্রথম পর্বে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন।

প্রশিক্ষণে সাবেক আমলা, শিক্ষাবিদ এবং সাবেক সংসদ সদস্যরা অংশগ্রহণ করে এমপিদের দায়িত্ব ও সংসদীয় রীতিনীতি সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি মন্ত্রীসভার সদস্যদের সংসদীয় আচরণবিধি এবং মন্ত্রণালয় পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিকেলের অধিবেশনে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটবে।

This post was viewed: 10

আরো পড়ুন