Ridge Bangla

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ, প্রস্তুতি সম্পন্ন: তথ্যমন্ত্রী

সংসদীয় রীতি অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। কর্মশালার তৃতীয় সেশন শেষে তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তথ্যমন্ত্রী জানান, দুই দিনব্যাপী এ কর্মশালায় মোট চারটি সেশন নির্ধারিত ছিল। এর মধ্যে তিনটি সেশন সম্পন্ন হয়েছে এবং বিকেলে চতুর্থ সেশনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শেষ হবে। কর্মশালায় সরকারের নীতিমালা, সংসদীয় কার্যক্রম এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ৩১ দফা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র মেরামতের যে পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন, সরকার এখন সেই লক্ষ্য বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সরকার অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কাজে মনোযোগ দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। সংসদের আইন প্রণয়ন কার্যক্রমকে আরও সক্রিয় করতে সরকারি দল হিসেবে প্রয়োজনীয় দায়িত্ব পালনে কাজ চলছে বলেও জানান তিনি।

This post was viewed: 19

আরো পড়ুন