ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ শুক্রবার থেকে সাক্ষাৎকার নেওয়া শুরু করছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার ও শনিবার এই দুই দিন বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার নেওয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা যাচাই করবেন।
শুক্রবার (১৭ এপ্রিল) নেওয়া হবে রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। শনিবার সাক্ষাৎকার নেওয়া হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের।
উল্লেখ্য, গত ১০ থেকে ১২ এপ্রিল তিনদিন বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম চলে। সহস্রাধিক নারী এতে অংশ নেন। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং আবেদনের সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত প্রদান করতে হয়েছে।
ইসি প্রকাশিত তপশিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদীয় আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এবার জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৬টি আসন বিএনপির জন্য বরাদ্দ করা হয়েছে। দলীয় এই সাক্ষাৎকারের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিএনপি।