নেব্রাস্কার একটি সুরক্ষিত সামরিক স্থাপনার আশপাশে সংবেদনশীল যুদ্ধবিমানের ছবি তোলার অভিযোগে তিয়ানরুই লিয়াং (২১) নামে এক চীনা নাগরিককে আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়ার প্রাক্কালে তাকে আটক করা হয়।
এফবিআইয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত লিয়াং নেব্রাস্কার অফাট এয়ার ফোর্স বেসের কাছাকাছি অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক উড়োজাহাজগুলোর ছবি তোলেন। এই ঘাঁটিটি মূলত মার্কিন কৌশলগত কমান্ডের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে নজরদারি বিমান RC-135 এবং বহুল পরিচিত ‘ডুমসডে প্লেন’ E-4B মোতায়েন রয়েছে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো প্রতিরক্ষা স্থাপনার ছবি তোলা নিষিদ্ধ। আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিয়াং সামরিক বিমানের ছবি তোলার কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, এসব ছবি তিনি কেবল ব্যক্তিগত সংগ্রহের উদ্দেশ্যে তুলেছিলেন।