Skip to main content

Ridge Bangla

সংঘর্ষ চলাকালীন হাতবোমা বিস্ফোরণে মাদারীপুরে আহত ৮

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলমান এই সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণে দুপক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়, যা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারী সমর্থিত দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়ালে এলাকায় একের পর এক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় হতাহতদের মধ্যে রিয়ন বেপারী (১৮), ইমরান মাতুব্বর (৩২), ফারুক বেপারী (৫৫) ও কালু বেপারীকে (৬৫) চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গুরুতর আহত রোকন হাওলাদারকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এছাড়াও অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

This post was viewed: 33

আরো পড়ুন