Skip to main content

Ridge Bangla

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩১, নিখোঁজ ১৪ জন

শ্রীলঙ্কায় চলতি সপ্তাহে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৪ জন নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমসি জানিয়েছে, হতাহতের সব ঘটনাই ঘটে মধ্যাঞ্চলীয় চা উৎপাদনকারী জেলা বাদুল্লায়। এখানে পাহাড়ের ঢাল ধসে রাতের অন্ধকারে ১৬ জন জীবন্ত চাপা পড়ে মারা যান। পার্শ্ববর্তী নুওয়ারা এলিয়া জেলায় আরও চার জনের মৃত্যু ঘটে। অন্যত্র থেকে বাকি মৃতদের খবর পাওয়া গেছে। কাদা ধসের ফলে প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ হাজার ১০০-এর বেশি পরিবার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে চলে এসেছে। শ্রীলঙ্কার নদীর পানি বাড়ছে, তাই নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

ডিএমসি জানিয়েছে, দেশের উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেড়েছে। নিম্নচাপের কারণে দ্বীপ রাষ্ট্রটির পূর্বাঞ্চলে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ কিছু এলাকায় ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশব্যাপী দুই দিনের জন্য শেষ বর্ষের স্কুল পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত বছরের জুন থেকে এ পর্যন্ত আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।

This post was viewed: 74

আরো পড়ুন