Ridge Bangla

শেখ হাসিনা সরণি ও বঙ্গবন্ধু স্কয়ারসহ ৬ স্থাপনার নাম পরিবর্তন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ছয়টি স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সোমবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করা কিছু স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, রাজধানীর কুড়িল লিংক রোডে অবস্থিত শেখ হাসিনা সরণির নামকরণ করা হয়েছে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’। চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভারের নাম রাখা হয়েছে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’। রাজশাহীর বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নাম হয়েছে ‘আরডিএ কমপ্লেক্স’, আর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক এখন থেকে পরিচিত হবে ‘আরডিএ পার্ক’ নামে।

এছাড়া ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’। চট্টগ্রামের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়কের নাম হয়েছে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক’।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাইনবোর্ড, দাপ্তরিক নথি, প্রচার উপকরণসহ সব ধরনের সরকারি ও বেসরকারি কাজে নতুন নাম ব্যবহার করা হয়। একই সঙ্গে জানানো হয়, ভবিষ্যতে প্রয়োজনে অন্যান্য স্থাপনা ও প্রকল্পের নামও পর্যায়ক্রমে পরিবর্তন ও হালনাগাদ করা হবে।

This post was viewed: 30

আরো পড়ুন