Skip to main content

Ridge Bangla

শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’, দেশের বৃহত্তম ফোক রিয়েলিটি শো

ঢাকায় ৭ আগস্ট ২০২৫ এক পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের বৃহত্তম ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র পঞ্চম আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে এবারের আসর প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু এবং হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান।

২০১৩ সালে যাত্রা শুরু করা ‘ম্যাজিক বাউলিয়ানা’ বাংলাদেশি লোকসংগীতের ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে আসছে। ইউটিউবে এর প্রায় দুই লাখ সাবস্ক্রাইবার ও পাঁচ কোটি ভিউ রয়েছে। শোয়ের গানগুলো আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়, যা দেশের শিল্পীদের জন্য বড় অর্জন।

এবারের আসরে অংশগ্রহণকারীরা প্রথমে অডিশন পর্বে নিজেদের প্রতিভা প্রদর্শন করবেন। এরপর গ্রুমিং ও মাস্টার সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা স্টুডিও রাউন্ড ও চূড়ান্ত পর্বে অংশ নেবেন, যা মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

বিচারক হিসেবে থাকছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগীদের গানের স্বত্ব, রয়্যালটি এবং পেশাদার মূল্যায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পূর্ববর্তী আসর থেকে উঠে আসা ইতি ইব্রাহীম, কামরুজ্জামান রাব্বী ও নয়ন সূত্রধরের মতো প্রতিভাবান শিল্পীরা ইতিমধ্যে দেশের সংগীত অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এবারের আসরেও নতুন তারকাদের আবির্ভাবের আশা করছেন আয়োজকরা।

This post was viewed: 87

আরো পড়ুন