Skip to main content

Ridge Bangla

শাহ আমানত বিমানবন্দরে রেকর্ড রাজস্ব আয়

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে রেকর্ড ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে। এটি আগের বছরের তুলনায় প্রায় ৩৩ কোটি টাকা বেশি। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে আয় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, যেখানে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।

পূর্ববর্তী কয়েক বছরের তুলনা করলে দেখা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা, ব্যয় ছিল ৩৬ কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবছরে আয় ২২৫ কোটি এবং ব্যয় ৩৩ কোটি টাকা। ২০২১-২০২২ অর্থবছরে আয় ছিল ৭৯ কোটি, ব্যয় ২৭ কোটি এবং ২০২০-২০২১ অর্থবছরে আয়ের পরিমাণ মাত্র ৩০ কোটি টাকা, ব্যয় ছিল ২৬ কোটি টাকা।

যাত্রী চলাচলের ক্ষেত্রেও বিমানবন্দর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে। ২০২৫ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে যাত্রীসংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৪৫৬ জন, যেখানে ২০২৪ সালে সংখ্যা ছিল ৯ লাখ ৮২ হাজার ৫৪০ জন। অভ্যন্তরীণ রুটে চলাচল করেছেন ৬ হাজার ৬৯০ জন যাত্রী, যা পূর্ববর্তী বছরের তুলনায় কিছুটা কম।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, “বকেয়া আদায় এবং বিভিন্ন কার্যকর পদক্ষেপের কারণে এবার রেকর্ড রাজস্ব আয় হয়েছে। এই প্রবৃদ্ধি বিমানবন্দরের পরিচালনায় নতুন দিক নির্দেশনা যোগ করবে।” তিনি আরও বলেন, বিমানবন্দর আরও উন্নত পরিষেবা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে, যাতে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা যায়।

This post was viewed: 75

আরো পড়ুন