Ridge Bangla

শাহবাগে মুখোমুখি ছাত্রদল-শিবির, উত্তেজনা বিরাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে মঙ্গলবার রাত গভীর পর্যন্ত উত্তেজনা বিরাজ করেছে শাহবাগে। বিকেল থেকে সেখানে অবস্থান নেন ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থকরা। রাত সাড়ে ১১টার পর থেকে তারা নিজ নিজ প্যানেলের প্রার্থীর পক্ষে মিছিল ও স্লোগান শুরু করেন।

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশমুখ ঘিরে সমর্থকরা রাস্তার দুই পাশে অবস্থান নেন। প্রত্যেকে নিজ দলের প্রার্থীর নাম ধরে স্লোগান দেন। জানা গেছে, ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাদিক কায়েমের নামে স্লোগান তুললে অন্যদিকে ছাত্রদলের সমর্থকরা দলীয় প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে তৎপর হয়ে ওঠে অন্তর্বর্তীকালীন সরকার। জানা গেছে, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলেছেন সরকারের তিনজন উপদেষ্টা। আলোচনায় যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারও।

সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কোনো সুযোগ নেই। কেউ নিয়ম ভাঙলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ এলাকায় মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থকরা।

This post was viewed: 30

আরো পড়ুন