Skip to main content

Ridge Bangla

শাপলা কলি প্রতীক নিতে সম্মত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণে সম্মতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে অংশ নেয় এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।” একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, “গণভোট নিয়ে কুতর্ক না করে জনগণের মতামতকে শ্রদ্ধা জানানো উচিত।”

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বৈঠক শেষে জহিরুল ইসলাম মুসা জানান, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন নতুন কিছু প্রতীকসহ একটি গেজেট প্রকাশ করে। ওই গেজেটে যুক্ত প্রতীকগুলোর মধ্যে থেকে এনসিপি আজ প্রতীক নির্বাচনের জন্য আবেদন করেছে।

তিনি বলেন, “আমাদের পছন্দের তালিকায় প্রথমে শাপলা, দ্বিতীয়তে সাদা শাপলা এবং তৃতীয়তে শাপলা কলি প্রতীক রয়েছে। যদি ইসি আমাদের ‘শাপলা কলি’ দেয়, তবে দল তা গ্রহণ করবে।”

দলীয় নেতারা মনে করছেন, এই প্রতীক এনসিপির আদর্শ ও রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করবে। নির্বাচন কমিশনের অনুমোদনের পর দলটি আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তারা।

This post was viewed: 44

আরো পড়ুন