Skip to main content

Ridge Bangla

শান্তিপূর্ণ ও ঐতিহাসিক নির্বাচনের পথে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-চারলে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত জানান, ফ্রান্স বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশের সামনে এখন একটি ইতিহাস গড়ার মুহূর্ত। আগামী নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, দুই দেশের অংশীদারত্ব জোরদারের সুযোগও তৈরি করবে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রায় ১৫ লাখ ফরাসি নাগরিক বসবাস করেন, যা ফ্রান্সের বৈশ্বিক কৌশলে এ অঞ্চলের গুরুত্ব প্রতিফলিত করে। তার মতে, উন্মুক্ত ও স্বাধীন চলাচলের নীতি অনুসরণ করে গড়ে ওঠা এ অঞ্চল বাংলাদেশের সঙ্গে আরও সুদৃঢ় সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন ব্যবস্থাপনায় ফ্রান্সের অভিজ্ঞতা দেশটির জন্য সহায়ক হতে পারে।

সাক্ষাতে তিনি ইউরোপের কিছু দেশের উদাহরণ তুলে ধরে বলেন, নির্বাচনকালে ভুয়া তথ্য প্রচার ও সামাজিক বিভাজন সৃষ্টির চেষ্টা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। এ প্রেক্ষাপটে তিনি অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্ব ও চলমান প্রস্তুতির প্রশংসা করেন। রাষ্ট্রদূত জানান, এলডিসি থেকে উত্তরণের সময় বাংলাদেশকে সহযোগিতা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমর্থন অব্যাহত রাখবে ফ্রান্স।

This post was viewed: 110

আরো পড়ুন