Ridge Bangla

শাকিব খানের সঙ্গে জোভান, তবে কি বড় পর্দায় অভিষেকের ইঙ্গিত?

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নাটক ‘আশিকি’-তে তার অভিনীত চরিত্র এবং গান গাওয়ার দৃশ্য যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি হয়েছে ট্রলেরও শিকার। তবে এই ট্রলই নাটকটিকে এনে দিয়েছে ব্যতিক্রমী জনপ্রিয়তা—মাত্র দুইদিনেই ইউটিউবে প্রায় ৯০ লাখ বার দেখা হয়েছে।

এই আলোচিত মুহূর্তে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে নতুন জল্পনার জন্ম দিয়েছেন জোভান। অনেকেই ভাবছেন, তবে কি বড় পর্দায় অভিষেক ঘটাতে যাচ্ছেন তিনি—তাও আবার শাকিব খানের বিপরীতে?

তবে এই গুঞ্জনের ভিত্তি আপাতত নেই বলেই জানিয়েছেন জোভান নিজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন—
“সিনেমা অনেক বড় মাধ্যম। আমি মনে করি, এখনো সময় হয়নি। আগে নাটকে আরও ভালো কিছু কাজ দিতে চাই, তারপর সিনেমার কথা ভাবব।”

শাকিব খানের সঙ্গে ছবি প্রসঙ্গে জোভান ব্যাখ্যা দেন, “সম্প্রতি একটি ইভেন্টে আমাদের দেখা হয়। সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ অনেকেই ছিলেন। সেই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে একটি ছবি তুলে ফেলি।”

শাকিব খান সম্পর্কে নিজের অভিব্যক্তি জানিয়ে জোভান বলেন, “তিনি খুবই নম্র ও ভদ্র একজন মানুষ। তাঁর সঙ্গে এই প্রথম দেখা হলো, সত্যিই ভালো লেগেছে।”

উল্লেখ্য, ‘আশিকি’ নাটকটি শুরুতে ট্রলের শিকার হলেও, দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। এই ব্যতিক্রমী সাড়া জোভানের ক্যারিয়ারে একটি নতুন মোড় এনে দিচ্ছে, এমনটাই মনে করছেন নাট্য বিশ্লেষকরা। ভবিষ্যতে বড় পর্দায় তার উপস্থিতি তাই শুধুই সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছে।

This post was viewed: 49

আরো পড়ুন