Skip to main content

Ridge Bangla

শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যশোরে ৫০টি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত

শর্ত অনুযায়ী পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তি করতে না পারায় যশোর শিক্ষা বোর্ড ৫০টি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করেছে। কলেজের অধ্যক্ষরা অনলাইনে একাডেমিক স্বীকৃতি নবায়নের আবেদন করেছিলেন, তবে বোর্ডের যাচাইয়ে দেখা গেছে, নির্ধারিত শর্ত পূরণ হয়নি।

যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এসএস তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বোর্ডের আওতাধীন ৫৮৬টি কলেজের একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা ২ লাখ ২১ হাজার ৯৪, কিন্তু ভর্তি হয়েছে মাত্র ১ লাখ ২৮ হাজার ১৪৪ শিক্ষার্থী। ২০২৪–২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশে প্রত্যেক কলেজে সর্বনিম্ন ১০ জন শিক্ষার্থী ভর্তি হতে হবে শর্তটি থাকলেও ৫০টি কলেজে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২ থেকে ৫ জনের মধ্যে সীমিত ছিল।

বোর্ডের উপ–কলেজ পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, স্বীকৃতি নবায়নের আগে ভর্তি তথ্য যাচাই করা হয়। শর্ত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে না পারায় ওই ৫০ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে এই কলেজগুলোর একাডেমিক কার্যক্রম স্থগিত করা হবে কি না তা বোর্ড পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

প্রফেসর এসএম তৌহিদুজ্জামান জানান, যেসব কলেজ শর্ত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে ব্যর্থ হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি কার্যক্রম শেষ হলে একইভাবে শর্ত পূরণ না করা কলেজগুলোর বিরুদ্ধে বিধিমতো পদক্ষেপ নেওয়া হবে। তবে শিক্ষকদের সম্মানের স্বার্থে কলেজের নাম প্রকাশ করা হয়নি।

This post was viewed: 55

আরো পড়ুন