চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বৌদ্ধ ভিক্ষু ও একজন চালক রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের কবির টিম্বার ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধর্মীয় অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুরা একটি মাইক্রোবাসে খাগড়াছড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু (৪৮) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।