Ridge Bangla

লেবানন–ইসরায়েল সীমান্তে বিমান হামলা, নিহত ৫ জন

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। সোমবার বৈরুতের দক্ষিণাঞ্চলে ঘনবসতিপূর্ণ এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, হামলার পর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধারকাজ চালাচ্ছে।

ইসরায়েল দাবি করেছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে হিজবুল্লাহর ‘চিফ অব স্টাফ’কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যদিও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএএ জানিয়েছে, হামলা চালানো এলাকায় বহু পরিবার বসবাস করে এবং হামলার তীব্রতায় বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে।

হিজবুল্লাহ স্বীকার করেছে, তাদের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্যবস্তু করে হামলাটি পরিচালিত হয়েছিল। তবে ওই কমান্ডারের পরিচয় প্রকাশ করেনি সংগঠনটি। সংগঠনের কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “প্রতিরোধ আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হামলার লক্ষ্য ছিলেন। পরিস্থিতির চূড়ান্ত ফল এখনো জানা যায়নি। এই হামলা স্পষ্টভাবে রেড লাইন অতিক্রম করেছে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, এই হামলার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু নিজেই। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গত এক বছর ধরে যুদ্ধবিরতি বিদ্যমান। তা সত্ত্বেও এই হামলা সীমান্তে উত্তেজনা নতুন করে বাড়িয়ে তুলেছে।

This post was viewed: 43

আরো পড়ুন