Ridge Bangla

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪১ জন

লেবাননের দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এ হামলায় বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার নতুন দফা হামলায় নাবাতিহ জেলার শুকিন শহরে ৩ জন এবং কাফার দাজাল গ্রামে একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হন। এছাড়া লওয়াইজাহ গ্রামে একটি বাড়িতে বিমান হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

চলমান সংঘাতের মধ্যে গত ২ মার্চ থেকে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত লেবাননে মোট ২ হাজার ৬৫৮ জন নিহত এবং ৮ হাজার ১৮৩ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। গত ১৭ এপ্রিল শুরু হওয়া এবং মে মাস পর্যন্ত বর্ধিত যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

বৈরুত থেকে প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধবিরতি এখন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ, বাস্তবে দক্ষিণ লেবাননে সংঘর্ষ অব্যাহত রয়েছে। অন্যদিকে হিজবুল্লাহও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সংগঠনটি জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন ও গোলন্দাজ হামলা চালাচ্ছে। এর ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন