লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশুসহ একই পরিবারের নয় সদস্য নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নিহতরা সবাই সিরীয় শরণার্থী ছিলেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সূত্র ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় সাইদা শহরের কাছে আদলুন এলাকায় একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার সময় বাড়িটিতে বেসামরিক লোকজন অবস্থান করছিলেন।
আকস্মিক এ বিমান হামলায় পুরো পরিবার প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় শিশুদের প্রাণহানির ঘটনায় মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ সম্প্রতি আরও ৪৫ দিন বাড়ানো হলেও সীমান্ত এলাকায় উত্তেজনা কমেনি। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।