মানবপাচারের শিকার ও স্বেচ্ছায় দেশে ফিরে আসতে চাওয়া ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তারা ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসিতদের মধ্যে ৩০ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর বাকি ১৪৫ জন লিবিয়ায় বসবাসরত দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ নাগরিক।
লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে লিবিয়া সরকার ও আইওএম-এর সহায়তায় এই অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরানো হয়। আইওএম প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।
সূত্রের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সরকারের উদ্যোগ ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে তাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হয়েছে।