Skip to main content

Ridge Bangla

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

রোহিঙ্গা সংকট, পাচারকৃত সম্পদ উদ্ধার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয় নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ জুন) লন্ডনের একটি হোটেলে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠকে মিলিত হন ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ড. ইউনূস বৈঠকে বলেন, “২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা আমাদের অর্থনীতি ও নিরাপত্তার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।” তিনি আসন্ন জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা কামনা করেন।

তিনি আরও জানান, “পূর্ববর্তী সরকারের সময় দেশ থেকে অবৈধভাবে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা রাষ্ট্রীয় অর্থনীতির জন্য গভীর উদ্বেগের বিষয়।” পাচারকৃত সম্পদ উদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বৈঠকে জোনাথন পাওয়েল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এছাড়া বৈঠকে দেশের ব্যাংকিং খাতে অগ্রগতি এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।

This post was viewed: 56

আরো পড়ুন