Skip to main content

Ridge Bangla

রেকর্ড গড়ে মালায়ালম সিনেমার শীর্ষে ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান’

মালায়ালম সিনেমা আবারও ইতিহাস সৃষ্টি করল। ডমিনিক আরুণ পরিচালিত ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান – চন্দ্র’ মুক্তির পর থেকেই দর্শক উচ্ছ্বাসে ভাসছে। দুলকার সলমানের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়েফেয়ারার ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি বুক মাই শো-তে নতুন রেকর্ড গড়ে দিয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যে বিক্রি হয়েছে ৪৫ লাখ ১০ হাজারেরও বেশি টিকিট, যা আগের জনপ্রিয় মালায়ালম সিনেমা থুদারুম এবং মাঞ্জুম্মেল বয়েজ-এর রেকর্ড ভেঙে দিয়েছে।

ছবিটি ২৮ আগস্ট মুক্তি পেয়েছে। নির্মাণে ব্যয় হয়েছে ৩০ কোটি রুপি, তবে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ২০০ কোটিরও বেশি। ব্যবসায়িক বিশ্লেষকদের মতে, খুব শিগগিরই এটি ২৫০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে। এর আগে মালায়ালম সিনেমার ইতিহাসে শুধু এল টু: এম্পুরান এই উচ্চতায় পৌঁছেছিল। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন, যার সঙ্গে আছেন নাসলেন, চান্দু সলিমকুমার। জনপ্রিয় কোরিওগ্রাফার স্যান্ডি খলনায়কের ভূমিকায় অভিষেক দর্শকদের নজর কেড়েছে। এছাড়া দুলকার সলমান ও তোভিনো থমাসের বিশেষ উপস্থিতি ভক্তদের আরও উচ্ছ্বসিত করেছে।

শুধু বক্স অফিস সাফল্য নয়, ‘লোকাহ’ মালায়ালম সিনেমার জন্য সাংস্কৃতিক এক অনন্য মুহূর্তও তৈরি করেছে। দর্শক ও সমালোচকরা বলছেন, এই ছবির সাফল্য প্রমাণ করেছে, আঞ্চলিক সিনেমাও এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান করে নিতে পারে। ছবির কাহিনি, ভিজ্যুয়াল এফেক্টস ও অভিনেতাদের অভিনয় দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে। ফলে ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান’ আজ মালায়ালম সিনেমার নতুন মাইলফলক হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।

This post was viewed: 69

আরো পড়ুন