দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের এক নম্বর ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি সংযোজন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব ধাপ সম্পন্ন হলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।
মঙ্গলবার বিকেলে প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালে দেশে আনা ইউরেনিয়াম উপাদান চুল্লিতে প্রবেশ করানো হয়। এতে বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারকারী বিশ্বের ৩৩তম দেশে পরিণত হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি শুভেচ্ছা জানান। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থার প্রধান এলেক্সি লিখাচভও ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সরকারি নীতিনির্ধারকেরা জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তাঁদের মতে, এই কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনীতিকে গতিশীল করা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে আগামী বছরের মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানো হবে।