Skip to main content

Ridge Bangla

রুশ তেলবাহী ট্যাংকার জব্দে যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা

উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে কেন্দ্র করে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়া এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বিশেষ বাহিনী ‘মারিনেরা’ নামের ট্যাংকারটি জব্দ করে। অতীতে ট্যাংকারটিতে ভেনেজুয়েলার তেল পরিবহন করা হলেও জব্দের সময় এটি খালি ছিল। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার আগেই ট্যাংকারটি পাহারায় রুশ নৌবাহিনী মোতায়েন করা হয়েছে- এমন খবরও প্রকাশ পায়।

ট্যাংকারটির নাম আগে ছিল ‘বেলা-ওয়ান’। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘মারিনেরা’ রাখা হয়। একসময় গায়ানার পতাকাবাহী থাকলেও পরে এটি রুশ নিবন্ধনে অন্তর্ভুক্ত হয় বলে জানা গেছে।

ট্যাংকার জব্দের ঘটনায় রুশ পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। অন্য দেশের নিবন্ধিত জাহাজে শক্তি প্রয়োগ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করে মস্কো।

একই দিনে ক্যারিবীয় সাগরে ‘এম সোফিয়া’ নামের আরেকটি ট্যাংকার জব্দের ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড জানায়, ট্যাংকারটি ছিল রাষ্ট্রহীন, নিষেধাজ্ঞাভুক্ত এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।

This post was viewed: 49

আরো পড়ুন