উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে কেন্দ্র করে রচিত হয়েছে নতুন একটি গীতি-উপন্যাস। কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির লিখেছেন ‘মায়ার সিংহাসন’ নামের এই উপন্যাস, যার উপজীব্য রুনা লায়লার সংগীতজীবনের আবির্ভাব, সংগ্রাম ও সাফল্যের যাত্রা।
লেখক জানান, উপন্যাসটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন, আর এটি আসছে ১৭ নভেম্বর। নিজের অনুভূতি জানাতে গিয়ে মুক্তাদির বলেন, “যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় অন্য এক সময়ে ফিরে গেছি যেখানে মানুষ কম, সুর বেশি। ‘মায়ার সিংহাসন’ সেই সুরভরা যাত্রারই গল্প।”
এই উপন্যাস নিয়ে এক ভিডিও বার্তায় রুনা লায়লা নিজেই বলেন, “আমাকে নিয়ে লেখা এই উপন্যাস পাঠকদের ভালো লাগবে আশা করি। আপনারা সবাই বইটি পড়বেন।”
প্রকাশনা সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মায়ার সিংহাসন’ শুধু একটি জীবনীধর্মী উপন্যাস নয়, এটি সুর ও অনুভবের এক মায়াময় যাত্রা। এখানে রুনা লায়লার গানের মধ্য দিয়ে ধরা পড়েছে সময়ের আবেশ, প্রেম, একাকিত্ব ও মানুষের অন্তর্লোকের ভ্রমণ।
চন্দ্রবিন্দু প্রকাশন আরও জানায়, এই গীতি-উপন্যাস বাংলা সাহিত্যে নতুন এক ধারার সূচনা করবে। শব্দের ভেতর সুর, আর সুরের ভেতর গল্প বুনে লেখক এক ভিন্ন পাঠ-অভিজ্ঞতা তৈরি করেছেন। প্রকাশনা সংস্থার আশা, ‘মায়ার সিংহাসন’ রুনা লায়লার সংগীতময় জীবন, সুর ও মায়ার স্মারক হয়ে পাঠকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেবে।