Skip to main content

Ridge Bangla

রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতি গঠন ও গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে বিএনপির ঘোষিত ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য, যা ক্ষমতায় এলে বিএনপিই কার্যকর করবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের যাত্রাপথ সহজ ছিল না। ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে চিহ্নিত একটি দেশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আত্মনির্ভরশীল ও সম্ভাবনাময় রাষ্ট্রে রূপান্তরের ভিত্তি গড়ে ওঠে। ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গঠনের ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এখন সময় রাষ্ট্র পুনর্গঠনের।

তিনি দাবি করেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী সময় থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিক অংশীদার।

বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। রাষ্ট্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও টেকসই রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, ন্যায়পাল নিয়োগের মাধ্যমে প্রশাসনিক জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করা হবে। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্রীয় মূলনীতির অংশ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

This post was viewed: 37

আরো পড়ুন