Ridge Bangla

রাষ্ট্রীয় শোক: ঢাকায় তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসমাবেশ নিষিদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শোক চলাকালে রাজধানী ঢাকায় সকল ধরনের উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা এবং আতশবাজি, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার মহাপ্রয়াণে ঢাকা মহানগর পুলিশ গভীরভাবে শোকাহত। তিন দিনের শোক পালনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

শোক চলাকালে রাজধানীর সর্বত্র উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো এবং জনদূর্ভোগ সৃষ্টি করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ডও কঠোরভাবে বন্ধ থাকবে। উন্মুক্ত স্থানগুলোতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি বা শোভাযাত্রা আয়োজন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ওপর প্রভাব পড়তে পারে এবং পশুপাখিরও জীবন বিপন্ন হতে পারে। তাই নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষার কথা বিবেচনা করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের সময় নাগরিকরা নিজ নিজ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখবেন। শহরের গুরুত্বপূর্ণ এলাকা, মন্দির, মসজিদ, সরকারি অফিস ও প্রধান সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া শোক পালনের সময়ে ঢাকা মহানগরীতে সকল প্রকার উন্মুক্ত উৎসব, বর্ণাঢ্য আয়োজন বা মিউজিক্যাল অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। এই তিন দিনে রাজধানীতে নাগরিকরা শোকের সঙ্গে অংশগ্রহণ করবেন এবং প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

This post was viewed: 17

আরো পড়ুন