বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
তিনি জানান, জাতির অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক নেত্রীকে সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে, তাঁর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দাফন কার্যক্রমে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় আচার পালন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর সংসদ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আজ তার মরদেহ ঢাকার এভারকেয়ার হাসপাতালে রাখা হবে। বুধবার সকালে মরদেহ সেখান থেকে জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে, যাতে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।