Ridge Bangla

রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে নৈতিকভাবে দুর্বল উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রপতিকে দিয়ে সনদে সই করিয়ে একে অপবিত্র করা হয়েছে। তার দাবি, সনদের আইনি ভিত্তি তৈরি হলেও এতে জনগণের মতামত প্রতিফলিত হয়নি, বরং বিএনপি ও জামায়াতের বক্তব্যই বেশি গুরুত্ব পেয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তিনি। পাটওয়ারী বলেন, এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার। এটি দেশের জন্য দুর্ভাগ্য।

তিনি অভিযোগ করেন, সরকার সনদ বাস্তবায়নে দরদ দেখালেও দায়িত্ব নেয়নি। তার ভাষায়, তরকারির বাটি থেকে ১ চামচ-১ চামচ করে সব রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, কিন্তু জনগণকে কিছুই দেওয়া হয়নি। সরকার সবাইকে খুশি করলেও পাশ কাটিয়েছে সাধারণ মানুষকে।

বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদের সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংক তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে। তবে তিনি জানান, নানা অস্পষ্টতা থাকা সত্ত্বেও এনসিপি সামগ্রিকভাবে সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং তারা সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

This post was viewed: 33

আরো পড়ুন