Ridge Bangla

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা

‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাষ্ট্রদ্রোহ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করেছে আদালত। আদালতের নির্দেশে আজ শুক্রবার (৩১ অক্টোবর) দেশের দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

তদন্তে বেরিয়ে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ-বিদেশে অবস্থানরত কয়েকজন ব্যক্তি বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এই কার্যক্রম পরিচালিত হচ্ছিল বিভিন্ন ডিজিটাল মাধ্যমে, যেখানে রাষ্ট্রবিরোধী প্রচারণা ও উস্কানিমূলক কার্যক্রম চালানো হতো।

সিআইডি তদন্তে ডিজিটাল ফরেনসিক পদ্ধতিতে বিভিন্ন সার্ভার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন ডেটা বিশ্লেষণ করে ষড়যন্ত্রের প্রমাণ সংগ্রহ করে। দীর্ঘ তদন্ত শেষে সংস্থাটি শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

এর মধ্যে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম ২৬১ জনকে পলাতক ঘোষণা করেন এবং তাদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার সকালে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে সিআইডি। বিজ্ঞপ্তিতে পলাতক আসামিদের নির্ধারিত সময়ের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 34

আরো পড়ুন