Skip to main content

Ridge Bangla

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে নিহত ২০ জন

ভারতের রাজস্থানের জয়সালমের-জোধপুর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাসে হঠাৎ আগুন ধরে যাওয়ায় মুহূর্তের মধ্যে পুরো বাস পুড়ে যায়।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে জয়সালমের থেকে বাসটি ছাড়ার পর পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক দ্রুত রাস্তার পাশে গাড়ি থামালেও অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দৌড়ে এসে যাত্রীদের উদ্ধার করতে থাকেন এবং পুলিশ ও দমকল বিভাগের সাহায্য নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। জানা গেছে, মাত্র পাঁচ দিন আগে নতুনভাবে বাসটি কেনা হয়েছিল।

দুর্ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহতদের জয়সালমের থেকে জোধপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জেলা প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য ‘গ্রিন করিডোর’ তৈরি করেছে।

জেলা কালেক্টর প্রতাপ সিং জানিয়েছেন, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং কয়েকজনের মরদেহ শনাক্ত করা কঠিন হচ্ছে। মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন।

This post was viewed: 78

আরো পড়ুন