রাজধানী ঢাকার শান্তিনগর, মৌচাক ও মিরপুরের বিভিন্ন স্থানে পৃথক সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার একটিতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হলেও অন্য কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে একটি ককটেল ছোড়া হয়। বিস্ফোরণের প্রভাবে মার্কেটের সামনের ফুটপাতে থাকা এক দোকানি আহত হন। ককটেল ছুড়েই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ এলাকায় পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হননি।
একই রাতে শান্তিনগর সিগন্যাল এলাকায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলটি সড়কের পাশে থাকা একটি গাছে লাগানো বিজ্ঞাপনের বোর্ডে আঘাত করে বিস্ফোরিত হয় বলে পুলিশ জানিয়েছে।
এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিং এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কে বা কারা এসব ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।